Image description

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নলেয়া নদী থেকে নিখোঁজের একদিন পর ইউনুস আলী (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মরাঘাটি এলাকায় নলেয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইউনুস আলী সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তরফজাহান গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে ইউনুস আলী মাছ ধরার জন্য জাল নিয়ে নলেয়া নদীতে যান। এরপর রাতে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে স্বজন ও স্থানীয়রা নদীসহ আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর শুক্রবার সকালে নদী থেকে ইউনুস আলীর মরদেহ উদ্ধার করা হয়।

তার মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।