হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীর (রহ.) কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার বিকেল ৫টা ৫০ মিনিটে সড়কপথে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি আল্লামা শফীর কবরে ফাতেহা পাঠ ও জিয়ারত করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।
এসময় প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রতিরক্ষা উপদেষ্টা এ টি এম শামসুল ইসলাম, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও হাটহাজারী আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খলিল আহমেদ কুরেশী প্রমুখ।
উপ-প্রেস সচিব জানান, কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রীকে মাদ্রাসার দ্বিতীয় তলায় নিয়ে যান অধ্যক্ষ মাওলানা খলিল আহমেদ কুরেশী। সেখানে উপস্থিত আলেমদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে মাদ্রাসা থেকে বিদায় নেয়ার সময় প্রাঙ্গণে উপস্থিত শিক্ষার্থীদের সাথেও তিনি হাত মেলান ও কুশল বিনিময় করেন।
এর আগে, হাটহাজারী আসার পথে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন।
উল্লেখ্য, ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর মারা যান কওমি অঙ্গনের শীর্ষ মুরুব্বি আল্লামা শাহ আহমদ শফি। তিনি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির ছিলেন। এছাড়া তিনি প্রায় সাড়ে তিন দশক দেশের ঐতিহ্যবাহী কওমি মাদ্রাসা আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলামের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
এসএস




Comments