Image description

আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত বিগত চারটি নির্বাচনই ভুয়া ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি অভিযোগ করে বলেন, "আওয়ামী লীগ মৃত মানুষের ভোটও দিয়েছে। এমনকি যারা ভোট দিতে যাননি, তাদের ভোটও জালিয়াতির মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে দেওয়া হয়েছিল।"

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, বিএনপি দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। প্রধানমন্ত্রী দেশের জনগণকে একটি অবাধ ও সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন উপহার দেবেন। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও উপজেলা পরিষদে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকারকে শক্তিশালী করা হবে।

তিনি আরও বলেন, "বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বরং জনগণের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে রাজনীতি করছেন, যার সুফল দেশের ১৮ কোটি মানুষ ভোগ করবে।"

পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক। এছাড়াও সভায় স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ডিআর