Image description

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে এবং আদালতের দেওয়া রায় মেনে নিতে হবে বলে মন্তব্য করেছেন নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণার মদন উপজেলার জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, "শেখ হাসিনা যদি দেশে ফিরতে চান, তবে তিনি ফিরতে পারবেন। উনার ব্যাপারে আইন নিজস্ব গতিতে চলবে, ঠিক যেভাবে আমার ক্ষেত্রে আইন চলছে। সকলের জন্যই আইন সমান এবং উনার ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম হবে না।"

নিজের কারাজীবনের স্মৃতি চারণ করে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "আমি প্রায় সাড়ে ১৭ বছর কারাগারে ছিলাম। আমাকে সম্পূর্ণ অন্যায়ভাবে এবং মিথ্যার ওপর ভিত্তি করে তিনটি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।" শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া প্রসঙ্গে তিনি দাবি করেন, উনার বিরুদ্ধে যে বিচার ও দণ্ড হয়েছে তা ন্যায়ের ওপর ভিত্তি করে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় হয়েছে, এমনকি জাতিসংঘও সে বিষয়ে তদন্ত করেছে।

শেখ হাসিনা দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়াকে সাধুবাদ জানিয়ে বাবর আরও বলেন, "উনি যদি আসতে চান এবং বিচারের মুখোমুখি হয়ে রায় মেনে নেন, তবে আমরা সেটিকে সাধুবাদ জানাব। দেশের মানুষ এটাই প্রত্যাশা করে।"

জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ময়মনসিংহ অঞ্চল প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার মো. হুমায়ুন মিয়াসহ ব্যাংক ও কলেজের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে কলেজের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

ডিআর