Image description

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়নমূলক ও প্রশংসনীয় কাজগুলো কিছু অসাধু ব্যক্তির খারাপ কর্মকাণ্ডের কারণে ম্লান হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। 

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মির্জা আব্বাস তাঁকে এসব বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানান।

মির্জা আব্বাস বলেন, “আজ একটি কথা পরিষ্কার করে বলতে চাই—এই দলের বিরুদ্ধে এবং আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। আপনি দয়া করে সাবধান থাকবেন। আপনি অনেক উদার, কিন্তু সবসময় সব জায়গা বা সব মানুষ একরকম হয় না। অনেক নেতা-কর্মী আপনার সামনে ভালো কথা বললেও আড়ালে অন্যরকম আচরণ করে। এসব বিষয়ে আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে।”

ষড়যন্ত্রের বিষয়ে প্রধানমন্ত্রীকে সতর্ক করে তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাভাবিক মৃত্যু হয়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কেউ সরাসরি হত্যা না করলেও তিনি যেভাবে তিলে তিলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, তা আমাদের কারোরই কাম্য ছিল না। সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আপনাকে সাবধান হতে হবে।”

আবেগপ্লুত কণ্ঠে মির্জা আব্বাস বলেন, “আপনি ইতোমধ্যে অনেক ভালো কাজ করেছেন। কিন্তু বাস্তব সত্য হলো—আপনার এসব মহৎ কাজগুলো কিছু খারাপ লোকের আচরণ ও মন্দ কথায় ধ্বংস হয়ে যাচ্ছে। দল ও দেশের স্বার্থে আপনাকে এই বিষয়টি কঠোরভাবে লক্ষ্য রাখতে হবে।”

কান্নাজড়িত কণ্ঠে নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, “এই দলকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। দলের ৪৮ বছরের পথচলায় অনেক কিছু হারিয়েছি, কিন্তু কোনোদিন প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান মিস করিনি। সেই ভালোবাসা থেকেই আজ এখানে আসা।” এ সময় তিনি তৃণমূলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান যেন তারা সঠিক তথ্য প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন এবং দলের ঐক্য রক্ষায় কাজ করেন।

ডিআর