Image description

রাষ্ট্র পুনর্গঠন ও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে দেশে আগামী কয়েক বছর স্থিতিশীলতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। একই সাথে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র ও অর্থনীতির আমূল সংস্কার নিশ্চিত করতে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, “দেশে আগামী কয়েক বছর স্থিতিশীলতা দরকার। বিনিয়োগকারী এবং অংশীজনের আস্থা দরকার। রাষ্ট্র পুনর্গঠনের জন্য এখন দোধারী লড়াই চালিয়ে নিতে হবে—আস্থা ও স্থিতিশীলতা রক্ষা এবং জুলাইয়ের কাঙ্ক্ষিত রাষ্ট্র ও অর্থনীতির সংস্কার নিশ্চিত করা।”

তিনি উল্লেখ করেন, রাষ্ট্রে আস্থা ও স্থিতিশীলতা রক্ষা আর জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন পরস্পরবিরোধী নয়। বরং জুলাইয়ের ছাত্র-জনতার একটি ঊর্ধ্বমুখী সামাজিক-রাজনৈতিক মবিলিটি বা গতিশীলতা প্রয়োজন।

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বিগত ১৬ বছরের সন্ত্রাসের ক্ষত কাটিয়ে একটি সৃজনশীল সামাজিক-রাজনৈতিক উল্লম্ফন দরকার। সেজন্য আস্থা ও স্থিতিশীলতা বজায় রেখে সকল অনাহূত সংকট আমাদের সবাই মিলে দূর করতে হবে।”

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন তথা রাষ্ট্রের আর অর্থনীতির ব্যাপক সংস্কার কার্যকর করতে লড়তে হবে। বৈষম্যহীন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংগঠিত হতে হবে। লড়ার সাথে সাথে গড়ার কাজও চালিয়ে যেতে হবে।”

রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে সতর্কবার্তা দিয়ে মাহফুজ আলম বলেন, “রাষ্ট্র ভঙ্গুর বা ‘ফেইল্ড’ হলে জুলাইয়ের ছাত্র-জনতা পরাস্ত হবে। অন্যদিকে, রাষ্ট্র পুনরায় ফ্যাসিবাদী হয়ে উঠলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিপর্যস্ত হবে। আমাদের দায়িত্ব হলো, এর কোনোটিই যাতে না ঘটে তা নিশ্চিত করা।”

ডিআর