বিগত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে চরম ছেলেখেলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দীর্ঘ সময় অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের ফলে জাতির মানবিক মেরুদণ্ডকে প্লাস্টিকের মেরুদণ্ডে রূপান্তরিত করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি।
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, "বিগত দিনে শিক্ষার মান নিশ্চিত না করে শুধু আনুষ্ঠানিকতার ওপর জোর দেওয়া হয়েছে। এমনকি তৎকালীন ক্ষমতাশালী জায়গা থেকে ফোন করে শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার মতো নজিরবিহীন চাপও সৃষ্টি করা হতো। যার কারণে বিশ্বমঞ্চে প্রতিযোগিতার স্থান থেকে বাংলাদেশ পিছিয়ে পড়েছে।"
প্রযুক্তিনির্ভর ও আধুনিক শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে রিজভী বলেন, নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শুধু প্রথাগত শিক্ষায় সীমাবদ্ধ না রেখে প্রযুক্তি ও আধুনিক জ্ঞানে দক্ষ করে তুলতে হবে। বিএনপি সরকারে থাকা অবস্থায় সবসময় নারী শিক্ষার প্রসার ও ক্ষমতায়নে অগ্রাধিকার দিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, একটি জ্ঞানভিত্তিক ও নৈতিক সমাজ গঠনে মেধাবী শিক্ষার্থীদের যথাযথ পৃষ্ঠপোষকতা দেওয়া রাষ্ট্র ও সমাজ সবার দায়িত্ব।
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সুলতানা নাসের, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক ও বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।
ডিআর




Comments