Image description

কুষ্টিয়ার কুমারখালীতে পৌর সড়কের নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাংলা টিভির কুমারখালী-খোকসা উপজেলা প্রতিনিধি ও কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল আহসান উল্লাসের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা পৌনে ১টার দিকে পৌরসভার কুন্ডুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহত সাংবাদিক উল্লাস বর্তমানে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের ভাষ্য, কুন্ডুপাড়ায় পৌর সড়কের নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে যান সাংবাদিক মাহবুবুল আহসান উল্লাস। এ সময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনের ভাই আনোয়ার ও তাঁর দেহরক্ষী পরিচয়দানকারী রহুলের নেতৃত্বে একদল ব্যক্তি তাঁর ওপর হামলা চালিয়ে মারধর করেন বলে অভিযোগ করা হয়। এতে তিনি আহত হন।

পরে সহকর্মী সংবাদকর্মী ও পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ঘটনার বিষয়ে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারজানা আখতার বলেন, পৌর সড়কের নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে কাজ বন্ধ রাখতে বলা হয়েছিল। এরপরও কাজ চালিয়ে যাওয়ায় তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন। তিনি চলে আসার পরপরই সাংবাদিক উল্লাসের ওপর হামলার ঘটনা ঘটে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, সংবাদ সংগ্রহের সময় বাকবিতণ্ডার একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং হামলা ঠেকানোর চেষ্টা করে। তবে ঘটনাস্থলে পুলিশের সদস্যসংখ্যা কম থাকায় তাৎক্ষণিকভাবে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

ওসি আরও বলেন, ঘটনায় জড়িতদের ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। দ্রুত হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কুষ্টিয়ার সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের পাশাপাশি ঘটনার পেছনে কেউ ইন্ধন দিয়ে থাকলে তাদেরও তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

এসএ