ঢাকার আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ বিভাগের শিক্ষার্থী ও আশুলিয়া থানা ছাত্রদলের সহসভাপতি মো. আজহারুল ইসলাম শিক্ষাজীবনে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ডিনস অ্যাওয়ার্ড (Dean’s Award) অর্জন করেছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে আজহারুল ইসলাম গণমাধ্যমকে তাঁর ডিনস অ্যাওয়ার্ড অর্জনের বিষয়টি নিশ্চিত করেন।
শিক্ষাজীবনের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমেও সক্রিয় রয়েছেন আজহারুল ইসলাম। বর্তমানে তিনি আশুলিয়া থানা ছাত্রদলের সহসভাপতির দায়িত্ব পালন করছেন।
আজহারুল ইসলামের দাবি, ৫ আগস্ট-পরবর্তী সময়ে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভিন্ন অপপ্রচারের কারণে তাঁকে নিয়ে নানা অভিযোগ ও প্রচারণা চালানো হয়েছে। এর মধ্যে একটি ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্রসদৃশ বস্তু রাখার অভিযোগও ওঠে। এসব ঘটনাকে তিনি রাজনৈতিকভাবে হয়রানি ও তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা হিসেবে দাবি করেন।
তবে এসব প্রতিকূলতার মধ্যেও পড়াশোনায় মনোযোগ ধরে রাখেন আজহারুল ইসলাম। দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও একাডেমিক ফলাফলের স্বীকৃতি হিসেবে তিনি এবার বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড অর্জন করেন।
নিজের এই অর্জন প্রসঙ্গে আজহারুল ইসলাম বলেন, ‘ডিনস অ্যাওয়ার্ড আমার কাছে শুধু একটি পুরস্কার নয়; এটি আমার দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় এবং কঠিন সময়েও নিজের লক্ষ্যে অটুট থাকার স্বীকৃতি। নানা প্রতিকূলতার মধ্যেও পড়াশোনায় মনোযোগ ধরে রেখে এই অর্জন করতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।’
তিনি আরও বলেন, ‘যারা আমাকে থামিয়ে দিতে চেয়েছিল, তাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমার সাফল্যই আমার সবচেয়ে বড় উত্তর।’
শিক্ষাজীবনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কার্যক্রমেও সক্রিয় রয়েছেন আজহারুল ইসলাম। তাঁর এই অর্জনে সহপাঠী ও রাজনৈতিক সহকর্মীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, ‘আজহারুল ইসলাম আমাদের জন্য গর্বের। নানা প্রতিকূলতার মধ্যেও সে পড়াশোনায় মনোযোগ ধরে রেখে মেধার স্বাক্ষর রেখেছে। শিক্ষাজীবনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কার্যক্রমেও সে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। তার এই সাফল্য প্রমাণ করে, রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি মেধা ও শিক্ষাকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব। আমরা আজহারুল ইসলামের এই অর্জনে আনন্দিত ও গর্বিত। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।’
ডিনস অ্যাওয়ার্ড অর্জনের মধ্য দিয়ে একাডেমিক ক্ষেত্রে নিজের মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি পেয়েছেন বলে মনে করছেন আজহারুল ইসলাম।
এসএ




Comments