পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও সবুজায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে পৌর গেট এলাকায় গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
বেনাপোল পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দিনের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক মেহেরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামানসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, গাছ মানুষের জন্য অক্সিজেন সরবরাহের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু গাছ লাগালেই হবে না; এর পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণার পরিপ্রেক্ষিতে দলটি ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির আওতায় ২০২৬ সালে ৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী পাঁচ বছরে মোট ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
দলটির পক্ষ থেকে সাধারণ মানুষ, শিক্ষার্থী, তরুণ প্রজন্ম ও বিভিন্ন প্রতিষ্ঠানকে এ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। উদ্যোগটির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও উপযুক্ত স্থানে বৃক্ষরোপণ করা হচ্ছে।
এসএ




Comments