Image description

দেশের সার্বিক পরিস্থিতির গত কয়েক মাসে অনেক উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)  নোয়াখালীর সেনবাগ উপজেলার সেনবাগ সরকারি ডিগ্রি কলেজের নবীনবরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবেদিন ফারুক বলেন, শিক্ষা খাতে সরকার সর্বোচ্চ বাজেট দিয়েছে। স্বাস্থ্য খাতেও সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে। এর মধ্যে অতীত সরকারের রেখে যাওয়া প্রায় ১৭০ হাজার কোটি টাকা ঋণ পরিশোধ করতে হচ্ছে। এমন পরিস্থিতিতেও সরকার গত সাত মাসে দেশের জনগণের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।

তিনি বলেন, সরকার গণতন্ত্র রক্ষা ও জনগণের সেবা করার চেষ্টা করছে। ইভটিজিং বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, কৃষকদের ঋণ দেওয়া হচ্ছে, গাছ লাগানো এবং খাল খননের কাজও করা হচ্ছে।

তিনি আরও বলেন, সংসদের ভেতরে যেভাবে কথা বলা হয়, বাইরে থেকেও সেভাবে গঠনমূলক কথা বললে সরকারকে সহযোগিতা করা হবে। তবে সহযোগিতার নামে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করে অহেতুক দেশের মানুষকে বিভ্রান্ত না করার জন্য তিনি আহ্বান জানান।

তারেক রহমান প্রসঙ্গে জয়নুল আবেদিন ফারুক বলেন, “বিশ্বের দরবারে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়া, মা প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং সন্তান তারেক রহমান—আজ বিশ্ব দরবারে বক্তব্য দিয়ে গিনেস বুকে নাম লিখেছেন। এ জন্য আমরা বাংলাদেশের জনগণ আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ পাক শহীদ প্রেসিডেন্ট জিয়া ও প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বেহেশত নসিব করুন এবং তারেক রহমানকে সুস্থ রাখুন।”

তিনি বলেন, নকল প্রবণতার বিরুদ্ধে খালেদা জিয়ার সরকার লড়াই করেছে, তারেক রহমানের সরকারও লড়াই করে যাচ্ছে। ইনশাআল্লাহ, আমরা এ ক্ষেত্রেও সফল হব।

এসএস