বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দীর্ঘ ২০ বছর ধরে নানা নির্যাতন-নিপীড়ন সহ্য করেও বিএনপি আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছে এবং জনগণের সমর্থনে সরকার গঠন করেছে। তাই হুমকি-ধমকিতে ভীত হওয়ার দল বিএনপি নয়।
জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়া হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বগুড়ার মোকামতলা উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত মশাল মিছিল ও সমাবেশ শুরুর আগে এসব কথা বলেন তিনি।
মীর শাহে আলম বলেন, লং মার্চ করতে আপনারা যে মহাসড়ক দিয়ে গিয়েছেন, সেই পথে মানুষ তাকিয়েও দেখেনি। লং মার্চের নামে পায়ে হেঁটে যাওয়ার কথা, অথচ আপনারা কয়েক শ গাড়ি নিয়ে গেলেন।
তেল-গ্যাস পাচ্ছেন না বলে দাবি করছেন, আবার সেই কর্মসূচিতে লাখ লাখ লিটার তেল-গ্যাস অপচয় করেছেন। সংসদে এক কথা বলেন, আর সংসদের বাইরে বলেন আরেক কথা।
প্রতিমন্ত্রী বলেন, একটি গুপ্ত সংগঠন ১১ দলের ফুটবল টিম গঠন করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পথ সুগম করতে অহেতুক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ সজাগ ও সচেতন।
যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবেলা করার সক্ষমতা বিএনপির রয়েছে।
মশাল মিছিল ও সমাবেশে মোকামতলা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এমআর




Comments