Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামী মুখে সরকারকে সহযোগিতার কথা বললেও বাস্তবে সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাবুনগর এলাকায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন অভিযোগ করে বলেন, জামায়াত মুখে এক কথা বললেও তাদের কর্মকাণ্ডে ‘মুনাফিকি আচরণ’ স্পষ্ট।

তিনি দাবি করেন, বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর রাজনৈতিক বক্তব্যের ভাষায় কোনো পার্থক্য নেই।

একই সঙ্গে ডিসেম্বর মাসে সরকারকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে দেশের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকার ঘোষণা দেন তিনি।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, সাবেক শাপলা চত্বরের ঘটনার বিচার সম্পন্ন করতে বর্তমান বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি জানান, সাক্ষাৎকালে হেফাজত আমির প্রধানমন্ত্রী তারেক রহমানের সাফল্য ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করেন। একই সঙ্গে রাষ্ট্র পুনর্গঠনে সব ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সৌজন্য সাক্ষাৎকালে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, ফটিকছড়ি উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএ