Image description

দেশের পরিস্থিতি এবং মানুষের অবস্থা ভালো নেই বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘দেশ মোটেই ভালো নেই। মানুষ বড় কষ্টে আছে। শুধু খাওয়া-পরার দিক থেকেই নয়, ইজ্জত ও জীবনের নিরাপত্তার দিক থেকেও মানুষ কষ্টে রয়েছে। কে কখন কোথায় হারিয়ে যাবে কিংবা কাকে কখন অপমান করা হবে, এর ঠিকানা নেই।’

শনিবার রাজধানীর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মাদ্রাসা শিক্ষকদের সংগঠন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কাউন্সিল এবং মুফাসসির সম্মেলনে এসব কথা বলেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। 

মাদ্রাসায় যাতে অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটে সে বিষয়ে সতর্ক করে আলমদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু মিম্বারের দায়িত্ব নিলেই চলবে না। সমাজের ইমামতির দায়িত্ব নিতে হবে। দুই-একজনের ভুলের কারণে পুরো আলেম সমাজের ভাবমর্যাদা যেন নষ্ট না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে।

আইন প্রণয়নে আলমদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান জামায়াত আমির। তিনি বলেন, সংসদ দেশের আইন রচনা, পরিমার্জন, পরিবর্তন ও কর্তনের কাজ করে। আল্লাহর ওহির ওপর হাত দেওয়ার এখতিয়ার কোনো মাখলুকের থাকতে পারে না।

মাজলিসুল মুফাসসিরীনের নবনির্বাচিত সভাপতি এবং জামায়াতের এমপি নুরুল আমিনের সভাপতিত্বে জামায়াতের উলামা বিভাগীয় কমিটির সভাপতি মাওলানা আবদুল হালিম, তামিরুল মিল্লাত কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানীসহ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ মুহতামিমরা বক্তৃতা করেন। সম্মেলনে মাওলানা নাসির উদ্দিন হেলালীকে সেক্রেটারি এবং সাভারের মাওলানা আবুল কালাম আজাদ আযহারীকে সাংগঠনিক সেক্রেটারি করে ২৫ সদস্যের কার্যকরী পরিষদ এবং ১০১ সদস্যের  জাতীয় পরিষদ গঠন করা হয়।

এসএস