Image description

হবিগঞ্জের মাধবপুরে ফেসবুকে সরকারের সমালোচনা ও আওয়ামী লীগের পক্ষে লেখালেখির অভিযোগে সিরাজুল ইসলাম নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাকে কোন মামলায় বা কী আইনি ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার চৌমুহনী বাজার থেকে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ইকতার মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চৌমুহনী ইউনিয়নের বাসিন্দা সিরাজুল ইসলাম নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। দীর্ঘদিন আত্মগোপনে থাকা অবস্থায় তিনি বিভিন্ন স্থান থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারের সমালোচনা ও আওয়ামী লীগের পক্ষে লেখালেখি করতেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের মুক্তির দাবিতেও তিনি লেখালেখি করছিলেন বলে জানা গেছে। সম্প্রতি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক মনে করে এলাকায় ফিরে ব্যবসা-বাণিজ্যে যুক্ত হন তিনি।

গ্রেপ্তারের বিষয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ইকতার মিয়া বলেন, “আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছি। অভিযান এখনো শেষ হয়নি, তাই এ মুহূর্তে বিস্তারিত কিছু বলতে পারছি না। তিনি আমাদের হেফাজতে রয়েছেন। পরবর্তী সময়ে সব জানানো হবে।”

এ বিষয়ে জানতে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। থানার ডিউটি অফিসারও এ বিষয়ে বিস্তারিত জানেন না বলে জানান। এদিকে সিরাজুল ইসলামের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।
এমআর