সিলেটের বিশ্বখ্যাত দরগাহে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স খোলার পর পাওয়া গেছে এক ব্যতিক্রমী আবেদনপত্র। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে লেখা ওই চিঠিতে কোনো রাজনৈতিক পরিচয় না থাকা এক ব্যক্তি বিএনপির রাজনীতিতে কাঠামোগত পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন। এতে বিএনপির প্রাথমিক সদস্য হতে এসএসসি এবং সক্রিয় কর্মী হতে এইচএসসি পাস বাধ্যতামূলক করার সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সকালে জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে মাজারের দানবাক্স ও ঐতিহ্যবাহী ডেগে জমা হওয়া অর্থ পঞ্চমবারের মতো প্রকাশ্যে গণনার সময় চিঠিটি উদ্ধার করা হয়।
মাজারের দানবাক্সে পাওয়া অজ্ঞাতনামা ওই চিঠিতে লেখা রয়েছে—বিএনপির সাধারণ সদস্য হতে হলে কোনো ব্যক্তির অন্তত এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ এবং দলের কর্মী হতে হলে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৩.৫০ থাকা বাধ্যতামূলক করতে হবে। একই সঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার আগ পর্যন্ত কোনো শিশু বা কিশোরকে যাতে বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার সুযোগ দেওয়া না হয়, সে বিষয়টিও নিশ্চিত করার আবেদন জানান তিনি।
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে অজ্ঞাতনামা ওই ব্যক্তি চিঠিতে উল্লেখ করেন, তিনি ২০১১ সালে রাজনীতিতে যুক্ত হয়েছিলেন এবং শিক্ষাগত যোগ্যতার ঘাটতি থাকা অযোগ্য মানুষদের কারণে চরম হতাশ হয়ে একই বছর রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেন।
চিঠির শেষ অংশে ইংরেজিতে লেখা রয়েছে, ‘I want the change to come through you...’ (অর্থাৎ: আমি চাই পরিবর্তনটা আপনার মাধ্যমেই আসুক)। তবে আবেগঘন এই চিঠিতে কোনো প্রেরকের নাম, ঠিকানা বা মোবাইল নম্বর উল্লেখ করা হয়নি।
এদিকে সিলেট জেলা প্রশাসনের তদারকিতে মাজারের দানবাক্স খোলার পর শুধু এই একটি চিঠিই নয়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করেও লেখা আরও একটি চিঠি পাওয়া যায়। সেখানে তাকে জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়েছে।
ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খোলার পর প্রাপ্ত চিঠিগুলোর ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং দেশজুড়ে সাধারণ মানুষ ও রাজনৈতিক সচেতন মহলে বেশ কৌতূহল ও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ডিআর




Comments