Image description

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়ে আলোচনায় আসলেও শেষ পর্যন্ত দলের সবুজ সংকেত পেলেন না মডেল ও পরিচিত মুখ মেঘনা আলম। তাঁর পরিবর্তে এ শূন্য আসনে বিএনপি ও সমমনা জোটের একক প্রার্থী হিসেবে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী এলিজা জামানকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করেছে দলটি।

সোমবার (২৬ অক্টোবর ) দুপুরে বিএনপির মিডিয়া সেলের মাধ্যমে দলের প্রার্থী হিসেবে এলিজা জামানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এলিজা জামান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

এর আগে গত ১৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ার উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন রাজনৈতিক সচেতন ব্যক্তিত্ব ও মডেল মেঘনা আলম। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করার পাশাপাশি তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

বিশেষ করে সাক্ষাৎকালে প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিধেয় পোশাক ও সাজপোশাকের আদলে নিজেকে উপস্থাপন করায় গণমাধ্যম ও নেটদুনিয়ায় ব্যাপকভাবে চর্চিত হন তিনি। তবে মেঘনা আলম পরবর্তীতে স্পষ্ট করেন যে, কাউকে অনুকরণ করার জন্য নয়, বরং নিজেকে মার্জিত ও শালীনভাবে ফুটিয়ে তোলার প্রয়াসেই তাঁর সাজপোশাকের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর সজ্জার মিল দেখা গিয়েছিল। দলের সিদ্ধান্ত আসার পর এ নিয়ে এখনো প্রকাশ্য কোনো মন্তব্য করেননি মেঘনা।

রাজধানীর মিরপুরে একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের জেরে দলীয় নির্দেশে গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় জাতীয় সংসদের এই আসনটি শূন্য হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের নির্দিষ্ট মেয়াদ শেষে একক কোনো বৈধ প্রার্থী থাকলে তাঁকে বিধি অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে।

ডিআর