বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে রাজনৈতিক যুদ্ধের ঘোষণা থালাপতি বিজয়ের
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কে সরাসরি ‘ফ্যাসিবাদী’ হিসেবে অভিহিত করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা এবং রাজনীতিক থালাপতি বিজয় । বৃহস্পতিবার (২১ আগস্ট) তার রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)-এর দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজারো সমর্থকের সামনে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, আদর্শগত এই শত্রুর বিরুদ্ধে তার লড়াই হবে এককভাবে।
আগামী ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে এটি ছিল বিজয়ের দলের অন্যতম বড় শোডাউন। সম্মেলনে বিজয় বলেন, "আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। আর আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে। আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি আক্রমণ করে বিজয় বলেন, "আপনারা হয়তো ভাবছেন ২০২৯ সাল পর্যন্ত আপনাদের যাত্রা মসৃণ হবে। কিন্তু আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি—তামিলরা বিজেপির সঙ্গে কখনোই থাকবে না। পদ্মপাতার ওপর যেমন জল স্থায়ী হয় না, তেমনি বিজেপির সঙ্গেও তামিলদের সম্পর্ক হবে না।"
তিনি আরও বলেন, "সিংহ সব সময় সিংহই থাকে। একবার গর্জন করলে সেই শব্দ আট কিলোমিটার দূর পর্যন্ত প্রতিধ্বনি তোলে। জঙ্গলে যত শিয়ালই থাকুক, রাজা সব সময় সিংহই।"
বিশ্লেষকদের মতে, বিজয় তামিলনাড়ুর রাজনীতিতে ক্ষমতাসীন ডিএমকে এবং বিরোধী এআইএডিএমকে’র বিকল্প হিসেবে তৃতীয় ফ্রন্ট তৈরির কৌশল নিয়েছেন।




Comments