তীব্র কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশের সিরাজদিখানে নিয়ন্ত্রণ হারিয়ে ৪টি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের কুচিয়ামোড়া কলেজ গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কয়েকটি গাড়ির বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়দের কয়েকজন জানান, সকালে কুচিয়ামোড়া এলাকায় কুয়াশা এতটাই ঘন ছিল যে সামনের পথ দেখা যাচ্ছিল না। এ সময় একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এর পরপরই আরও দুটি বাস এসে পেছন থেকে ধাক্কা দিলে ৪টি গাড়ির মধ্যে শৃঙ্খল সংঘর্ষ (চেইন কলিশন) ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে হাঁসাড়া হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে প্রায় ১৫ মিনিট যান চলাচল ব্যাহত হলেও পুলিশ দ্রুত ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ‘কুয়াশার মধ্যে যানবাহনের বেপরোয়া গতি ও চালকদের সতর্কতার অভাবই এই দুর্ঘটনার প্রধান কারণ। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
এদিকে দুর্ঘটনা এড়াতে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় চালকদের অধিক সতর্কতা অবলম্বন এবং গতি কমিয়ে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ।




Comments