Image description

কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ শাহিন আলম নামের এক মাদক কারবারিকে আটক করেছে।

রোববার (১১ জানুয়ারি) গভীর রাতে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বজরের খামার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটক মাদক কারবারি শাহিন আলম বজরের খামার গ্রামের সাজেদুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল রবিবার দিবাগত রাতে শাহিন আলমের বাড়িতে অভিযান চালায়। এসময় তার শয়নকক্ষে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। ফুলবাড়ী উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এ ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"

মানবকণ্ঠ/ডিআর