আগৈলঝাড়ায় পিআইও অফিসের প্রবেশপথে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ
বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অয়ন সাহার বিরুদ্ধে অফিসের প্রবেশপথে চেয়ার, টেবিল ও রশি টানিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। ‘অফিসের উন্নয়ন কাজ চলমান’ লিখে যাতায়াতের পথ বন্ধ করে দিয়ে তিনি ভেতরে নিজ কক্ষে অবস্থান করায় সেবা নিতে আসা সাধারণ মানুষ ও বিভিন্ন প্রকল্পের সভাপতিরা ফিরে যাচ্ছেন বলে জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের চতুর্থ তলায় উত্তর-পূর্ব পাশে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়। ওই অফিসের প্রবেশমুখে চেয়ার-টেবিল বসিয়ে এবং রশি টানিয়ে যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে একটি কাগজে লেখা রয়েছে ‘অফিসের উন্নয়ন কাজ চলমান’। এই দৃশ্য দেখে দূর-দূরান্ত থেকে আসা সেবাগ্রহীতারা অফিসে ঢুকতে না পেরে ফিরে যাচ্ছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, গত সোমবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ ও উন্নয়ন প্রকল্পের সভাপতিরা দাপ্তরিক কাজে সেখানে আসেন। অফিসের পথে রশি টানানো দেখে অনেকে ভেতরে ঢোকার সাহস পাননি। এসময় কর্মকর্তা অয়ন সাহা তার কক্ষেই অবস্থান করছিলেন।
সেবা নিতে আসা গৈলা গ্রামের শাহাবুদ্দিন সরদার বলেন, ‘অফিসের সামনে রশি ও টেবিল দিয়ে পথ আটকানো দেখে কর্মকর্তার সাথে দেখা করতে পারিনি। এভাবে সরকারি অফিস চলতে পারে না।’
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ইউনিয়ন থেকে আসা প্রকল্পের সভাপতিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস করার কথা থাকলেও পিআইও অয়ন সাহা নিজের ইচ্ছেমতো অফিস পরিচালনা করছেন এবং সেবাগ্রহীতাদের হয়রানি করছেন।
তবে অভিযোগের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা প্রবেশপথে রশি বা টেবিল দিয়ে পথ আটকানোর কথা অস্বীকার করেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘অফিসের কক্ষ পরিবর্তন করার কারণে কিছুটা সমস্যা হতে পারে, তবে আমি অফিসেই ছিলাম। অসংখ্য মানুষকে সেবা দিয়েছি।’
এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক জানান, অফিসের অভ্যন্তরীণ কোনো কাজের জন্য সাময়িকভাবে এমনটা হয়ে থাকতে পারে। তবে বিষয়টি তিনি খতিয়ে দেখছেন বলে আশ্বাস দেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments