কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে: জেলা ও দায়রা জজ
পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার বিচারপ্রার্থী মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে শীঘ্রই কলাপাড়ায় একটি পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে কলাপাড়া চৌকি আদালতের নবনির্মিত ভাড়াটে ভবন উদ্বোধন ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে পটুয়াখালী জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ এই ঘোষণা দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ বলেন, “কলাপাড়া একটি সমৃদ্ধ উপজেলা। এখানে সরকারের একাধিক মেগা উন্নয়ন প্রকল্প ও সমুদ্র অর্থনীতির মতো বড় সম্পদ রয়েছে। এই এলাকার বিচারপ্রার্থী মানুষের ভোগান্তি লাঘবে আদালতের সুযোগ-সুবিধা আরও বাড়ানো হবে। বর্তমানে এখানে ৬ হাজার ৫০০টি দেওয়ানি (সিভিল) এবং ৪ হাজার ৫০০টি ফৌজদারি (ক্রিমিনাল) মামলা চলমান রয়েছে। পারিবারিক সমস্যা দ্রুত নিরসনে এখানে শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে।”
তিনি আরও জানান, কলাপাড়ায় বিচারপ্রার্থী মানুষের সুবিধার্থে বহুতল ‘জাজেস কমপ্লেক্স’ ভবন নির্মাণের বরাদ্দ একনেক সভায় অনুমোদিত হয়েছে। এছাড়া আইনজীবীদের বার ভবনের উন্নয়নের জন্য মন্ত্রণালয় থেকে ইতিপূর্বে ৬ লাখ টাকা অনুদান বরাদ্দ করা হয়েছে।
মতবিনিময় সভায় আইনজীবীদের সুবিধার্থে আরও কিছু পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, শীঘ্রই কলাপাড়ায় এফিডেভিট কার্যক্রম পরিচালনার ক্ষমতা অর্পণ করা হবে। এছাড়া আইনজীবীদের বসার জন্য ২ লাখ টাকার আসবাবপত্র সরবরাহ এবং বিচারপ্রার্থীদের দ্রুত সার্টিফাইড কপি (সহিমোহর) সরবরাহের জন্য ফটোস্ট্যাট মেশিন নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।
কলাপাড়া সিনিয়র সহকারী জজ মো. মহিদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কামাল খান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মামুন-অর-রশিদ, লিগ্যাল এইডের সিনিয়র সহকারী জজ রাসেল মজুমদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক শরিফ মোহাম্মদ সালাউদ্দিন এবং কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন প্রমুখ।
এর আগে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাব্বি ইসলাম রনি ও সিনিয়র সহকারী জজ মো. মহিদুল হাসান। পরে তিনি আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শন করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments