Image description

কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্ত রক্ষা বাহিনী (বিজিবি) অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্রসহ আজিজুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং একটি দেশীয় ওয়ান শ্যুটার গান উদ্ধার করা হয়।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়ন এ তথ্য নিশ্চিত করেছে। আটক আজিজুল ইসলাম উপজেলার ফিলিপনগর গ্রামের তায়েজ তাগাদগিরির ছেলে।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, দৌলতপুর উপজেলার ‘আবেদের ঘাট’ নামক স্থান দিয়ে অস্ত্র পাচার হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে বিজিবি’র বাগোয়ান কে.সি.ভি.এন. উচ্চ বিদ্যালয় বেইজ ক্যাম্পের একটি চৌকস টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ আজিজুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।

কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়ন জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অস্ত্র পাচার রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে দৌলতপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি থানায় হস্তান্তর করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর