Image description

টানা সাত দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় রাজধানীর রায়েরবাগ ও শনিরআখড়া এলাকার বাসিন্দারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে রায়েরবাগ-শনিরআখড়া সড়ক অংশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। বিক্ষোভকারীদের অভিযোগ, গত এক সপ্তাহ ধরে তাদের এলাকায় গ্যাসের সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

এলাকাবাসী জানান, গ্যাস না থাকায় রান্নাবান্নাসহ দৈনন্দিন জীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক পরিবার বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাসসহ বিকল্প জ্বালানি ব্যবহার করছে, যা একদিকে ব্যয়বহুল, অন্যদিকে ঝুঁকিপূর্ণ। এই অবস্থায় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য বাধ্য হয়েই তারা সড়ক অবরোধে নেমেছেন বলে জানান।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে আন্দোলন আরও কঠোর করা হবে। অবরোধের কারণে ঢাকা ও চট্টগ্রামমুখী যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এতে অফিসগামী মানুষ, পণ্যবাহী যান ও দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে গ্যাস সরবরাহ পুনরায় চালুর বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার না করার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা।

ডেমরা জোনের সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) সাজেদুর রহমান বলেন, রায়েরবাগ ও শনিরআখড়া এলাকায় সাত দিন ধরে গ্যাস না থাকায় স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক পুলিশ টিম কাজ করছে এবং অবরোধকারীদের সঙ্গে আলোচনা চালানো হচ্ছে।

মানবকণ্ঠ/আরআই