Image description

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য একটি আধুনিক, মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা। তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে তরুণদের—যারা জ্ঞান ও প্রযুক্তিতে বিশ্বমঞ্চে নেতৃত্ব দেবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) চকরিয়া উপজেলার মৌলভী ছাঈদুল হক স্মৃতি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজ এলাকার উন্নয়নের স্মৃতিচারণ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ১৯৯৪ সালে পেকুয়ায় টেকনিক্যাল কলেজ, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও স্টেডিয়াম প্রতিষ্ঠার সময় তার স্বপ্ন ছিল—এই উপকূলীয় জনপদ একদিন আধুনিক শহরে রূপ নেবে। আজ সেই স্বপ্ন বাস্তবতার পথে বলে মন্তব্য করেন তিনি। বিশেষ করে পেকুয়া বালিকা বিদ্যালয় থেকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ার ঘটনাকে নিজের জীবনের বড় অর্জন হিসেবে উল্লেখ করেন।

শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপি এমন শিক্ষা ব্যবস্থা চালু করতে চায় যা শুধু শিক্ষিত বেকার তৈরি করবে না, বরং দক্ষ ও কর্মমুখী মানবসম্পদ গড়ে তুলবে। পরিকল্পনার অংশ হিসেবে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত একটি বিদেশি ভাষা বাধ্যতামূলক করা, কারিগরি শিক্ষার প্রসার এবং ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। লক্ষ্য হলো—উচ্চমাধ্যমিক শেষ করেই শিক্ষার্থীরা যেন দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায়।

নারী অধিকার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, যারা নারীদের অবমাননা করে এবং কর্মক্ষেত্র থেকে দূরে রাখতে চায়, তারা মূলত মধ্যযুগীয় চিন্তাধারায় বিশ্বাসী। তিনি স্মরণ করিয়ে দেন, বেগম খালেদা জিয়া অবৈতনিক নারী শিক্ষা ও স্টাইপেন্ড চালুর মাধ্যমে দেশে নারী জাগরণের সূচনা করেছিলেন। বিএনপি নারী সমাজের ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি।

নিজের রাজনৈতিক জীবনের কঠিন সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, তাকে হত্যার উদ্দেশ্যে গুম করা হয়েছিল, তবে আল্লাহর রহমত ও জনগণের দোয়ায় তিনি আজ ফিরে এসেছেন। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনন্য উত্তরাধিকার। তিনি এমন রাষ্ট্রব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলেন, যাতে আর কাউকে গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য রক্ত দিতে না হয়।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের ভাগ্য পরিবর্তনের লড়াই হিসেবে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ ভোটারদের ধানের শীষ প্রতীকে সমর্থন দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে জাতীয় পতাকা এখন তরুণ প্রজন্মের হাতে, আর তারাই আগামীর নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়বে।

অনুষ্ঠান শেষে তিনি কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

মানবকণ্ঠ/আরআই