মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া সংলগ্ন পদ্মা সেতু এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কলেজ শিক্ষার্থী নাইমের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নদীর প্রায় ৪০ ফুট গভীর থেকে তার নিথর দেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত নাইম মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) সিভিল মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে এমআইএসটির ১৮ জন শিক্ষার্থীর একটি দল নৌকা নিয়ে পদ্মা সেতু ভ্রমণে যান। সেতুর ৪ নম্বর পিলারের কাছে পৌঁছালে তিন শিক্ষার্থী নদীতে গোসল করতে ঝাঁপ দেন। এদের মধ্যে দুইজন সাঁতরে উঠতে পারলেও নাইম তীব্র স্রোতে তলিয়ে নিখোঁজ হন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শনিবার খবর পাওয়ার পর থেকেই মুন্সীগঞ্জ ও ঢাকার ফায়ার সার্ভিসের দুটি বিশেষ ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। আজ দুপুরে সেতুর ৪ নম্বর পিলারের ৫০০ গজ দূরে নদীর ৪০ ফুট গভীর থেকে নাইমের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments