নবম পে স্কেলের দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি: ভোট বর্জনের আল্টিমেটাম
নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পায়রা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা ও কর্মচারীরা।
সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা বন্দরের প্রধান ফটকে এই কর্মসূচি পালন করা হয়।
পায়রা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচির কারণে ২ ঘণ্টা বন্দরের সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকে। এর আগে গতকাল রোববারও একই দাবিতে বিক্ষোভ করেছিলেন তারা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পায়রা বন্দরের মেডিকেল অফিস সহায়ক তাপসী দাস, ইনল্যান্ড মাস্টার আবদুল কাদের, শেখুল আরেফিন ও হিসাব সহকারী শফিকুল ইসলাম।
বক্তারা অভিযোগ করে বলেন, "গত ১৫ বছরে নিত্যপণ্যের দাম কয়েকগুণ বাড়লেও আমাদের বেতন-ভাতা বাড়েনি। স্বল্প বেতনে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। বারবার দাবি জানানো সত্ত্বেও নবম পে-স্কেলের গেজেট জারি করা হচ্ছে না।"
সমাবেশ থেকে কর্মচারীরা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে নবম পে-স্কেলের দাবি মেনে নেওয়া না হয়, তবে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এমনকি দাবি না মানলে আসন্ন নির্বাচনে ভোট প্রদান থেকে বিরত থাকার (ভোট না দেওয়ার) চূড়ান্ত আল্টিমেটাম দেন তারা।
মানবকণ্ঠ/ডিআর




Comments