Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে খাগড়াছড়ি সেক্টরের আওতাধীন রাঙ্গামাটির বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)। নির্বাচনের নিরাপত্তায় এবার ড্রোনের মাধ্যমে আকাশপথের নজরদারির পাশাপাশি মাঠ পর্যায়ের সদস্যদের জন্য বডি ওর্ন ক্যামেরা ও আধুনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহারের ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ৫৪ বিজিবির জোন অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন ফারুকী।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ৩০ জানুয়ারি থেকে বিজিবি সদস্যরা নির্বাচনি এলাকায় মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করেছেন। দুর্গম সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহল ও কড়া নজরদারির জন্য দুটি বিশেষ বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। বিজিবি সদস্যরা সীমান্তের ৯৬ কিলোমিটার এলাকার নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের ভোটাধিকার সুরক্ষায় কাজ করে যাচ্ছেন।

জোন অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন ফারুকী বলেন, “বিজিবি একটি পেশাদার ও নিরপেক্ষ বাহিনী। আমরা সব দল ও প্রার্থীর জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে জনগণের আস্থা ও বিশ্বাস বজায় রেখে সংবিধানের আলোকে আমরা দায়িত্ব পালন করছি।”

নিরাপত্তা কৌশলের অংশ হিসেবে বিজিবি এবার আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। ড্রোন ও বডি ওর্ন ক্যামেরার পাশাপাশি মেটাল ডিটেক্টর এবং রায়ট কন্ট্রোল সরঞ্জামাদি প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচনের দিন বিজিবি সদস্যরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল জোরদার করবেন। গুরুত্বপূর্ণ মোড় ও স্থানে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হবে যাতে কোনো ধরনের নাশকতা না ঘটে।

পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ব্যাটালিয়ন সদরে একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করা হয়েছে। বিজিবি সদস্যদের ইতিমধ্যে নির্বাচনসংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

পরিশেষে জোন কমান্ডার একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন সম্পন্ন করতে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে সহযোগিতা করার আহ্বান জানান।

মানবকণ্ঠ/ডিআর