নবীনগরে বিএনপি অফিসসহ ৪ দোকান ভস্মীভূত, ৬০ লাখ টাকার ক্ষতি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন বিএনপি কার্যালয়সহ ৪টি দোকানঘরে এক রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে নাটঘর ইউনিয়ন বাজারে এ ঘটনা ঘটে। এতে দলীয় কার্যালয়ের আসবাবপত্র, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি সংবলিত ব্যানার-ফেস্টুনসহ চারটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভোগীদের দাবি, এই অগ্নিকাণ্ডে ৬০ থেকে ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে বিএনপি অফিসে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী ছুটে এসে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রাথমিকভাবে কেউ কেউ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতের কথা বললেও দলীয় নেতাকর্মীদের দাবি এটি একটি পরিকল্পিত নাশকতা।
সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান। তিনি অভিযোগ করে বলেন, "নির্বাচনি প্রচারণায় আমাদের জোয়ার দেখে প্রতিপক্ষ ফুটবল প্রতীকের সমর্থকেরা আমাদের নেতাকর্মীদের হুমকি দিচ্ছে। ইতোপূর্বেও আমার ব্যানার ও নির্বাচনি অফিস ভাঙচুর করা হয়েছে। প্রশাসনের কাছে এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।"
নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা সরাসরি অভিযোগ তুলে বলেন, "বিএনপির বিদ্রোহী প্রার্থী নাজমুল হোসেন তাপসের (ফুটবল প্রতীক) সমর্থক ও জেলা বিএনপি সদস্য হযরত আলী আমাকে ফোনে হুমকি দিয়েছিলেন। এর কিছু সময় পরই অফিসে আগুন লাগার ঘটনা ঘটে।"
আগুনে ক্ষতিগ্রস্ত দোকানদাররা জানান, বিএনপি অফিস থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে তাদের সারাজীবনের পুঁজি পুড়ে ছাই হয়ে গেছে।
নবীনগর থানার ওসি (তদন্ত) রাজিব কান্তি দাস জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদুল হাসান বলেন, "বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এই ঘটনার পর থেকে নাটঘর এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে এলাকায় নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মানবকণ্ঠ/ডিআর




Comments