Image description

পটুয়াখালীর বাউফল উপজেলার রণাঙ্গনের সম্মুখযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার (৮৪) ইন্তেকাল করেছেন। 

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার রাতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মরদেহ বাউফলে আনা হয় এবং রাত ৮টায় বাউফল ঐতিহাসিক পাবলিক মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে তার নিজ গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় 'গার্ড অব অনার' প্রদান করা হয়। পরে মদনপুরা ইউনিয়নের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া মুক্তিযোদ্ধা সংসদের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেন।

জানাজা নামাজের আগে উপস্থিত মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মকবুল হোসেন তালুকদারের বীরত্বগাথা ও রণক্ষেত্রের স্মৃতিচারণ করেন। তার মৃত্যুতে উপজেলার মুক্তিযোদ্ধা সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মানবকণ্ঠ/ডিআর