Image description

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন, "নতুন বাংলাদেশ গড়ার পথে যারা স্পিড ব্রেকার বা বাধা হয়ে কাজ করবে, দেশের মানুষ তাদের কখনোই ক্ষমা করবে না। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে হিন্দু-মুসলিম কোনো ভেদাভেদ থাকবে না; ‘সংখ্যালঘু’ বলে কোনো শব্দ থাকবে না। প্রত্যেকের একমাত্র পরিচয় হবে ‘বাংলাদেশি’।"

সোমবার (০২ জানুয়ারি) লালপুর উপজেলার কলসনগর কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুতুল বলেন, একটি রাষ্ট্র তার নাগরিকদের যত ধরনের অধিকার দিতে পারে, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে তার প্রতিটি নিশ্চিত করবে। বিশেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে দলীয় পরিচয় বা আদর্শ বিবেচনা করা হবে না। প্রতিটি পরিবারের যোগ্য সন্তানরা তাদের মেধা ও যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে—এমন বৈষম্যহীন সমাজ বিনির্মাণই আমাদের লক্ষ্য।

দলের অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "লালপুর-বাগাতিপাড়ায় ধানের শীষের জোয়ার ঠেকানোর জন্য যারা অপতৎপরতা চালাচ্ছেন, তারা দীর্ঘদিন এই ধানের শীষের ছায়াতলেই ছিলেন। যারা দলের সাথে বেইমানি করছেন, তারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বিবেকের কাছে জবাব দিতে পারবেন না।"

সম্প্রতি নারীদের নিয়ে করা কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, "নারীদের নিয়ে যারা কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন, তারা সাবধান হয়ে যান। ভবিষ্যতে এ ধরনের মন্তব্য করলে জনগণ আপনাদের উপযুক্ত শিক্ষা দেবে।"

দেশের অর্থনৈতিক সংস্কার প্রসঙ্গে ফারজানা শারমিন পুতুল উল্লেখ করেন, "গত দেড় দশক ধরে বিএনপি একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে আমরা ৩১ দফা রূপরেখা নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়েছি। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার প্রথম দিন থেকেই এই ৩১ দফা বাস্তবায়নে কাজ শুরু করবে।"

জনসভায় নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী এবং লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশীদ পাপ্পুসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর