Image description

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির অভিনয়ের পাশাপাশি সামাজিক বিভিন্ন ইস্যুতে স্পষ্ট অবস্থান নেওয়ার জন্য পরিচিত। সমসাময়িক বিষয় নিয়ে সচেতন বার্তা দিতে তিনি প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতামত প্রকাশ করেন।

এবার গৃহকর্মীদের অধিকার ও মানবিক মর্যাদা নিয়ে সরব হয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি গৃহকর্মীদের প্রতি সম্মান ও সহানুভূতিশীল আচরণের আহ্বান জানান। তার সেই পোস্ট মুহূর্তেই নেটিজেনদের দৃষ্টি কাড়ে এবং ব্যাপক প্রশংসা পায়।

পোস্টে সাফা কবির লেখেন, “কাজের মানুষরাও মানুষ—এটা ভুলে যাবেন না। শুধু টাকা দেন বলেই আপনি কাউকে কিনে নেননি। বাড়ির কাজের মানুষদেরও হৃদয় আছে, কষ্ট আছে, স্বপ্ন আছে। তারাও ক্লান্ত হয়, তারাও অসুস্থ হয়।”

গৃহকর্মীদের কেবল শ্রমিক হিসেবে নয়, মানুষ হিসেবে দেখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “এটি সাহায্যের হাত—কোনো যন্ত্র নয়, কোনো বস্তু নয়, কোনো দাস নয়। দয়া দেখাতে কিছুই লাগে না, মানবিক হতে লাগে আরও কম।”

সবশেষে তিনি গৃহকর্মীদের সঙ্গে সম্মানজনক আচরণের অনুরোধ জানিয়ে লেখেন, “বাড়ির কাজের মানুষরাও একটি সুন্দর ও সম্মানজনক জীবনের যোগ্য।”

সাফা কবিরের এই মানবিক ও সময়োপযোগী বার্তা ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তার সাহসী বক্তব্যের প্রশংসা করে ইতিবাচক মন্তব্য করেছেন।

মানবকণ্ঠ/আরআই