জলঢাকায় ট্রাকের চাকা ফেটে ভ্যানচালকের মৃত্যু, দুই শিক্ষার্থী আহত
প্রতীকী ছবি
নীলফামারীর জলঢাকায় ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আব্দুল মজিদ (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিক্ষার্থী আহত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে জলঢাকা পৌর শহরের দুন্দিবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদ উপজেলার বালাগ্রাম ইউনিয়নের সরকার পাড়া এলাকার মৃত আজিজার রহমানের ছেলে। দুর্ঘটনায় আহত দুই শিক্ষার্থী হলো—স্নেহা ও রিহান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪১২৯০) দুন্দিবাড়ি এলাকা অতিক্রম করার সময় হঠাৎ এর সামনের চাকা ব্লাস্ট হয়। এতে ট্রাকটি মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোভ্যানটিকে সরাসরি ধাক্কা দেয়। সংঘর্ষে ঘটনাস্থলেই ভ্যানচালক আব্দুল মজিদ প্রাণ হারান এবং ভ্যানে থাকা দুই শিক্ষার্থী আহত হয়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটির চালক ও হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘দুন্দিবাড়িতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপারকে আটক করা হয়েছে। বর্তমানে তারা থানায় পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
মানবকণ্ঠ/ডিআর




Comments