সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকাসহ সারাদেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দুইদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এই তথ্য জানায়।
এর আগে সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সাধারণত নির্বাচনের দিন এমনিতেই সাধারণ ছুটি থাকে। এ ছাড়া শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
ব্যবসায়ী মালিক সমিতি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং ভোটাধিকার প্রয়োগে সুবিধা দিতে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী বুধ ও বৃহস্পতিবার সারাদেশে দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




Comments