ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ ও গ্যাসভিত্তিক শিল্পকারখানার প্রতিশ্রুতি
ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বোরহানউদ্দিন সরকারি হাইস্কুল মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি ভোলা-বরিশাল সেতু নির্মাণ ও ঘরে ঘরে গ্যাস সংযোগসহ ২২ দফা উন্নয়ন পরিকল্পনা পেশ করেন।
বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে হাফিজ ইব্রাহিম বলেন, “আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে ভোলার মানুষের দীর্ঘদিনের দাবি আবাসিক গ্যাস সংযোগ দ্রুততম সময়ে প্রদান করা হবে। পাশাপাশি এখানে গ্যাসভিত্তিক বড় বড় শিল্পকারখানা গড়ে তোলা হবে, যাতে আমাদের বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত হয়।”
তাঁর ঘোষিত ২২ দফা ইশতেহারে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো—ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ভোলা-ঢাকা নিরবিচ্ছিন্ন ও নিরাপদ স্থায়ী সড়ক যোগাযোগ নিশ্চিত করা, উন্নত চিকিৎসার জন্য সরকারি মেডিকেল কলেজ স্থাপন, ভয়াবহ নদী ভাঙন রোধে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ এবং একটি আধুনিক মাদকমুক্ত সমাজ গঠন।
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, “নির্বাচনের দিন ফজর নামাজ পড়ে সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াবেন এবং নির্ভয়ে ধানের শীষ মার্কায় ভোট দেবেন। ভোটের পরিবেশ নষ্ট করতে আসা কোনো বহিরাগতকে দেখলেই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।”
বিকেল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে ঢাকঢোল পিটিয়ে মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হন বিএনপি ও অঙ্গ-সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠে হাইস্কুল মাঠ ও আশপাশের এলাকা। সভায় উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments