Image description

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেছেন, “দখলবাজি ও চাঁদাবাজির রাজনীতি এ দেশের মানুষ আর দেখতে চায় না। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ধানের শীষের আন্দোলনের সারথি হিসেবে আপনারা দাঁড়িপাল্লা প্রতীকে রায় দিন।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় আয়োজিত এক বিশাল গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

ড. ইকবাল হোসাইন ভূঁইয়া তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে বলেন, “আমি নির্বাচিত হলে সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ অঞ্চলকে আধুনিক শহরে রূপান্তর করা হবে। দীর্ঘদিনের সমস্যা সুপেয় পানি ও বৈধ গ্যাস সংযোগের ব্যবস্থা করা হবে। চব্বিশের বিপ্লবের পর আমরা এমন এক সমাজ গড়তে চাই যেখানে মানুষের অধিকার ও ন্যায়বিচার সুপ্রতিষ্ঠিত হবে।” তিনি জুলাই সনদ বাস্তবায়নে আসন্ন গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ারও আহ্বান জানান।

সোনারগাঁও উত্তর থানা জামায়াতের আমির মো. ইসহাক মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা মমিনুল হক সরকার। তিনি বলেন, সৎ ও খোদাভীরু নেতৃত্বই পারে একটি উন্নয়নবঞ্চিত জনপদের চিত্র বদলে দিতে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ মুন্না, জেলা ছাত্রশিবিরের সভাপতি আকরাম হোসাইন, সেক্রেটারি হাসিবুল ইসলাম সিফাত, উপজেলা জামায়াতের দক্ষিণের আমির মাহবুব মিয়া এবং খেলাফত মজলিসের সোনারগাঁও উপজেলা সভাপতি মুফতি সিরাজুল ইসলাম। এছাড়াও ১১ দলীয় জোট ও এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল মোগরাপাড়া চৌরাস্তা থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জামায়াত-শিবির ও জোটের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

মানবকণ্ঠ/ডিআর