Image description

আগামীকাল ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য সিরাজগঞ্জ-৩ আসনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতি মধ্যে এ এলাকার ভোটকেন্দ্রগুলোতে সরঞ্জাম পাঠানো হয়েছে। বুধবার সকাল থেকে তাড়াশ ও রায়গঞ্জ উপজেলা পরিষদের হলরুম থেকে এ সকল মালামাল বিতরণ করা হয়। এ সময় প্রশাসনিক পাহারার মাধ্যমে মালামাল গুলো ভোটকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয়। 

‎উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স, ভোটার তালিকা, সিল ও প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম সরবরাহ সম্পন্ন হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে কেন্দ্র ব্যবস্থাপনার কাজ প্রায় শেষ পর্যায়ে।

‎নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তাড়াশ থানা পুলিশ, আনসার, ভিডিপি, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে টহল দিচ্ছে। গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে চেকপোস্ট ও নজরদারি পয়েন্ট। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে—ভোট যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সে লক্ষ্যে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

‎ভোটারদের মাঝেও দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা। দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে অনেকেই উচ্ছ্বসিত। তাড়াশে মোট ভোটার সংখ্যা আছে ১লাখ ৬৮ হাজার ৫৫৮ জন, পুরুষ ভোটার সংখ্যা ৮৩ হাজার ৮৪৭ জন, মহিলা ভোটার সংখ্যা ৮৪ হাজার ৭০৭ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা আছে ৪ জন।

‎সিরাজগঞ্জ-৩ আসনে তাড়াশ সহ মোট ৪ লাখ ৪১ হাজার ৫৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।