Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে ভোট দিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান। তিনি বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮:২৭ মিনিটে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট শুরুর আগে থেকেই কেন্দ্রের বাইরে দীর্ঘ লাইনে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকাল সোয়া ৭টার দিকে জাহানার প্রি-ক্যাডেট স্কুলসহ বিভিন্ন কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটাররা অপেক্ষা করছিলেন। কেন্দ্রে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকরা সক্রিয় উপস্থিতি রেখেছেন।

ঢাকা-১৫ আসনে শফিকুর রহমানের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি সমর্থিত শফিকুল ইসলাম খান। শফিকুর রহমান এর আগে ২০১৮ সালে নির্বাচন করেছিলেন, তবে সেই সময় বিএনপির প্রতীক ধানের শীষ ব্যবহার করে ভোটে অংশগ্রহণ করেছিলেন এবং তৎকালীন সরকারদলীয় প্রার্থী কামাল আহমেদ মজুমদারের কাছে পরাজিত হন।

আসনের অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা:

সিপিবি: আহাম্মদ সাজেদুল হক
জাতীয় পার্টি: মো. সামসুল হক
বাংলাদেশ জাসদ: মো. আশফাকুর রহমান
জনতার দল: খান শোয়েব আমান উল্লাহ
বাংলাদেশ সুপ্রিম পার্টি: মোবারক হোসেন
আমজনতার দল: মো. নিলাভ পারভেজ

ঢাকা-১৫ আসন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪, ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ড (মিরপুর-কাফরুল) নিয়ে গঠিত। এতে তালতলা, শেওড়াপাড়া, কাজীপাড়া, কাফরুল, মিরপুর ১০, মিরপুর ১৪, কচুক্ষেত ও পূর্ব সেনপাড়া অন্তর্ভুক্ত। আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১,৭১৮, যার মধ্যে নারী ভোটার ১ লাখ ৭২,৯০২।

মানবকণ্ঠ/আরআই