Image description

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের কিছু ভোটার গণভোটে হ্যাঁ বা না ভোট বুঝতে না পারায় খালি ব্যালট জমা দিয়েছেন। শিবগঞ্জের রায়নগর ইউনিয়নের বুলুরচক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে দেখা ভোটার মোস্তাফিজার রহমান বলেন, “হ্যাঁ-না ভোট কি সেটা বুঝিনি, সেজন্য ভোট দেইনি। কেউ বলেনি হ্যাঁ দিলে কে জিতবে, না দিলে কে হারবে।”

তাঁর পাশে থাকা মহিদুল ইসলামও একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন। কেন্দ্রটির মোট ২,৩২৩ ভোটারের মধ্যে সকাল ১১টা পর্যন্ত ৫৯৬ ভোট পড়েছে। প্রিসাইডিং কর্মকর্তা আইয়ুব আলী শেখ জানিয়েছেন, ভোটারদের গণভোট দেওয়ার বিষয়ে উৎসাহিত করা হচ্ছে, কেউ দিচ্ছেন, কেউ দিচ্ছেন না।

মোলামগাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটার সাবিনা ইয়াসমিনও বলেন, “কেউ হ্যাঁ-না ভোটের বিষয়ে কিছু বলেনি, তাই আমি খালি ব্যালট জমা দিয়েছি।” তবে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল কাশেম জানিয়েছেন, যারা গণভোট বুঝতে পারছেন না, তাদের সঙ্গে সঙ্গে বিষয়টি বোঝানো হচ্ছে।

বগুড়া-২ আসনের মোট ভোটার ৩ লাখ ৪২ হাজার ১৫৫ জন, যেখানে ছয়জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে বিএনপির মীর শাহে আলম, জামায়াতের শাহাদুজ্জামান, নাগরিক ঐক্যের মাহামুদুর রহমান মান্না, ইসলামী আন্দোলনের জামাল উদ্দিন, গণঅধিকার পরিষদের সেলিম সরকার এবং স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম। সম্প্রতি জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

মানবকণ্ঠ/আরআই