Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, ভোটকেন্দ্রে ৯০ মিনিট থাকুন, ভয় পাবেন না এবং মাথায় হাত দেবেন না। তিনি বলেন, শাপলা কলিতে বেশি সিল পড়ার কারণে অনেকে ভয় পাচ্ছে, তবে তা মোটেও ভয় পাওয়ার বিষয় নয়।

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে পাটওয়ারী সাংবাদিকদের এ মন্তব্য করেন। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ, ঢাকা-৮ আসনে শাপলা কলির ভূমিধস বিজয় হবে। তবে এই বিজয় আমার নয়, শহীদ ওসমান হাদি ভাইয়ের।”

জয়ী হলে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারত্ব বরদাশত করা হবে না বলেও সতর্ক করেছেন তিনি। পাটওয়ারী আরও জানান, জালেমদের বাংলার জমিন থেকে উচ্ছেদ এবং মজলুমদের অধিকার প্রতিষ্ঠা করা হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিভিন্ন স্থানে তাদের নেতা-কর্মীদের ওপর হামলার আশঙ্কা থাকলে প্রশাসনকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রশাসন বা সেনাবাহিনীর উপস্থিতিতে আঘাত করা হলে পাল্টা জবাবও দেওয়া হবে।

মানবকণ্ঠ/আরআই