Image description

ঝালকাঠির রাজাপুরে আদাখোলা স্কুল ভোটকেন্দ্রে জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. ফয়জুল হককে লাঞ্ছিত এবং তার কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা পৌনে ২টার দিকে এই ঘটনা ঘটে। হামলায় প্রার্থীর ব্যক্তিগত সহকারীসহ (পিএস) অন্তত তিনজন আহত হয়েছেন।

আহতরা হলেন- প্রার্থীর পিএস খায়রুল, কর্মী জাহিদ ও সাইফুল। বর্তমানে তারা রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

দলীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আদাখোলা কেন্দ্রে 'ভোট কাটা' বা কারচুপির খবর পেয়ে ড. ফয়জুল হক তার সমর্থকদের নিয়ে ওই কেন্দ্রে পরিদর্শনে যান। সেখানে পৌঁছালে একদল দুর্বৃত্তের সাথে উত্তেজনা সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রে প্রবেশের সময় প্রার্থীকে লক্ষ্য করে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এ সময় প্রার্থীকে রক্ষা করতে গেলে তার পিএস খায়রুলসহ অন্য কর্মীরা হামলার শিকার হন।

আক্রান্ত হওয়ার পর ড. ফয়জুল হক অভিযোগ করেন, "আমাকে হত্যার উদ্দেশ্যে এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। হামলার সময় কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার চাই।"

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, "ওই কেন্দ্রে বর্তমানে ভোটগ্রহণ স্বাভাবিক ও চলমান রয়েছে। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

মানবকণ্ঠ/ডিআর