Image description

ভোলার রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন ভোলা-১ (সদর) আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বিজেপি চেয়ারম্যান ও বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থীকে হারিয়ে তিনি দ্বিতীয়বারের মতো এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত প্রাথমিক ফলাফল অনুযায়ী, ‘গরুর গাড়ি’ প্রতীক নিয়ে আন্দালিব রহমান পার্থ পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৪৬২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম পেয়েছেন ৭৩ হাজার ৭৭৩ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৯১ ভোট।

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বিএনপি জোটের প্রার্থী হিসেবে এই হেভিওয়েট আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ সময় পর পুনরায় নির্বাচিত হয়ে তিনি নিজের জনপ্রিয়তা ও পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখলেন।

প্রচার-প্রচারণার শুরু থেকেই ভোলা-১ আসনে দুই প্রধান প্রার্থীর মধ্যে তীব্র লড়াইয়ের আভাস পাওয়া গিয়েছিল। জামায়াতে ইসলামী এই আসনে এবার জয়ের ব্যাপারে আশাবাদী থাকলেও শেষ হাসি হাসতে পারেননি তাদের প্রার্থী। বিকেলের পর কেন্দ্রভিত্তিক ফলাফল আসতে শুরু করলে আন্দালিব রহমান পার্থের সমর্থকদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

বেসরকারি ফলাফল ঘোষণার পর ভোলার সাধারণ ভোটার এবং বিজেপি-বিএনপি জোটের নেতাকর্মীদের বিভিন্ন স্থানে বিজয় উল্লাস ও মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। নবনির্বাচিত সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ তাঁর এই জয়কে ভোলাবাসীর জয় হিসেবে অভিহিত করেছেন।

মানবকণ্ঠ/ডিআর