টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে নামিবিয়াকে হারিয়ে স্বাগতিক ভারত এখন গ্রুপ ‘এ’-এর শীর্ষে উঠে এসেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিল্লিতে অনুষ্ঠিত ম্যাচে নামিবিয়া জাতীয় ক্রিকেট দলকে ৯৩ রানের বড় ব্যবধানে পরাজিত করে সূর্যকুমার যাদবের দল।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে ১১৬ রানে গুটিয়ে যায় নামিবিয়ার ইনিংস।
ইনিংসের শুরুতেই ঝড় তোলেন ওপেনার ইশান কিষান। মাত্র ২৪ বলে ৬১ রানের বিস্ফোরক ইনিংসে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন তিনি। তার ইনিংসে ছিল একাধিক চার ও ছক্কার মার।
মিডল অর্ডারে হার্দিক পান্ডিয়া খেলেন ২৮ বলে ৫২ রানের কার্যকর ইনিংস। চারটি চার ও চারটি ছক্কায় সাজানো তার ইনিংস ভারতের সংগ্রহকে দুই শতকের ওপরে নিয়ে যায়। এছাড়া সাঞ্জু স্যামসন করেন ২২ রান, তিলক বর্মা ২৫, সূর্যকুমার যাদব ১২ এবং শিবাম দুবে যোগ করেন ২৩ রান। নামিবিয়ার হয়ে অধিনায়ক গেরহার্ড এরাসমাস বল হাতে উজ্জ্বল ছিলেন। তিনি নেন ৪টি উইকেট। বেন শিকোঙ্গো, জেজে স্মিট ও বার্নার্ড স্কলটজ একটি করে উইকেট শিকার করেন।
২১০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নামিবিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা।
দলের পক্ষে লরেন স্টিনক্যাম্প সর্বোচ্চ ২৯ রান করেন। ইয়ান ফ্রাইলিংক ২২, গেরহার্ড এরাসমাস ১৮, ইয়ান নিকোল লফটি-ইটন ১৩ এবং জেন গ্রিন ১১ রান করেন। বাকিরা দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। ভারতের হয়ে বরুণ চক্রবর্তী নেন ৩টি উইকেট। অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়া দুটি করে উইকেট শিকার করেন।
১৮.২ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে ৯৩ রানের বড় ব্যবধানে হার মেনে নেয় নামিবিয়া। টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে গ্রুপ পর্বে শক্ত অবস্থান তৈরি করলো স্বাগতিক ভারত।




Comments