Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলার দুটি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে দিবাগত রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার।

রাজবাড়ী-১ (সদর–গোয়ালন্দ) আসনে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯২ ভোট।

উল্লেখ্য, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ২০০১ সালেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এছাড়া তিনি রাজবাড়ী পৌরসভার টানা তিনবারের নির্বাচিত মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ফলাফল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন— “এই জয় শুধু আমার নয়, এটি গণতন্ত্রের জয়।”

এই আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে: জাকের পার্টির মো. আলী বিশ্বাস (গোলাপ ফুল) পেয়েছেন ৮ হাজার ৮৭ ভোট
জাতীয় পার্টির খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু (লাঙ্গল) পেয়েছেন ২ হাজার ৫৮৬ ভোট।

এ আসনে মোট ৪ লাখ ৩০ হাজার ২১৫ ভোটারের মধ্যে ২ লাখ ৭১ হাজার ৯০২ জন ভোট প্রদান করেছেন।

রাজবাড়ী-২ (পাংশা–কালুখালী–বালিয়াকান্দি) আসনে বিএনপি মনোনীত নতুন মুখ মো. হারুন-অর-রশিদ প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন।
তিনি ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যজোট (এনসিপি) প্রার্থী জামিল হিজাজী (শাপলা কলি) পেয়েছেন ৬৭ হাজার ২৯৯ ভোট।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ প্রথমবারের মতো সংসদীয় নির্বাচনে অংশ নিয়েই জয়লাভ করায় এলাকায় বিজয় মিছিল ও আনন্দ উল্লাসে মুখরতা ছড়িয়ে পড়ে।

এই আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে, স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি মো. নাসিরুল হক সাবু (কলস) পেয়েছেন ৩৬ হাজার ৩৩৮ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী পেয়েছেন ৮ হাজার ৫০৩ ভোট, জাতীয় পার্টির প্রার্থী পেয়েছেন ২ হাজার ৫২ ভোট। মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৫৯ হাজার ৬৯৩ জন।

একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটেও “হ্যাঁ ভোট” বিজয়ী হয়েছে রাজবাড়ীর দুই আসনেই।

রাজবাড়ী-১ (সদর–গোয়ালন্দ) আসনে হ্যাঁ ভোট পেয়েছে: ১ লাখ ৫৭ হাজার ৫২৫, না ভোট পেয়েছে: ৮৭ হাজার ২২৫

রাজবাড়ী-২ (পাংশা–কালুখালী–বালিয়াকান্দি) আসনে হ্যাঁ ভোট পেয়েছে: ২ লাখ ৭ হাজার ৬২৫, না ভোট পেয়েছে: ১ লাখ ১৪ হাজার ৭৬৭

বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারাদেশের মতো রাজবাড়ীতেও একযোগে ভোটগ্রহণ শুরু হয়।
সকালের দিকে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিশেষ করে তরুণ ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী, রাজবাড়ীর সব কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।