Image description

ফরিদপুরের সালথায় মসজিদের ভেতরে ভোট দেওয়া নিয়ে তর্কের জেরে বিএনপি সমর্থকদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে বিএনপির অন্তত ১২ জন সমর্থক আহত হয়েছেন এবং ছয়টি বসতবাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুমআর নামাজের সময় রামকান্তুপুর গ্রামের একটি মসজিদে ভোট প্রদান ও নির্বাচন নিয়ে স্থানীয় বিএনপি নেতা কুদ্দুস তালুকদারের সমর্থকদের সঙ্গে ১১ দলীয় জোটের নেতা রবিউল তালুকদারের সমর্থকদের কথা-কাটাকাটি ও তর্কাতর্কি হয়। নামাজ শেষে উভয়পক্ষের সমর্থকরা মসজিদের সামনে জড়ো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে রবিউল তালুকদারের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি নেতা কুদ্দুস তালুকদারের সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা বিএনপি সমর্থকদের অন্তত ছয়টি বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ ঘটনায় ১২ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার খবর পেয়ে সালথা থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মসজিদে তর্কের জেরে এই সংঘর্ষের সূত্রপাত। খবর পাওয়া মাত্রই পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

মানবকণ্ঠ/ডিআর