ময়মনসিংহ-১ আসনে ভোট কারচুপির অভিযোগে বিএনপি প্রার্থী প্রিন্সের সংবাদ সম্মেলন
ময়মনসিংহ-১ হালুয়াঘাট ও ধোবাউড়া আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক কারচুপি, অনিয়ম ও প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ এনে ময়মনসিংহ-১ আসনের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে অবিলম্বে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন সৈয়দ এমরান সালেহ (প্রিন্স)।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) হালুয়াঘাট উপজেলার ৯নং ধারা বাজারে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। প্রিন্স বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি)এর যুগ্ম-মহাসচিব।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, নির্বাচনের আগের দুই রাতে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল-এর লোকজন বিভিন্ন এলাকায় ভোটারদের মাঝে টাকা বিতরণ করেছেন। স্থানীয় জনগণ কয়েক স্থানে তাদের আটক করলেও প্রশাসনের হস্তক্ষেপে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, এটি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি।
প্রিন্স আরও অভিযোগ করেন, ভোটগ্রহণের দিন ধানের শীষ প্রতীকের এজেন্টদের ওপর চাপ সৃষ্টি করে ভোট গণনার আগেই জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়েছে। অনেক কেন্দ্রে ধানের শীষের ব্যালট পেপার অযৌক্তিকভাবে বাতিল করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে ওই প্রতীকের ভোট স্বতন্ত্র প্রার্থীর পক্ষে গণনা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তার অভিযোগ, পরিকল্পিতভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা হয়েছে।
এছাড়া নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, হুমকি, মারধর, এমনকি বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন প্রিন্স। তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে সৈয়দ এমরান সালেহ-প্রিন্স বলেন, ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের মাধ্যমে যে ফলাফল ঘোষণা করা হয়েছে, তা জনগণের প্রকৃত রায়ের প্রতিফলন নয়। আমরা এই ফলাফল প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে ভোট পুনর্গণনার দাবি জানাচ্ছি।
এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




Comments