Image description

কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার জিংলাতলী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের অন্তত সাতজন যাত্রী আহত হয়েছেন।

নিহতরা হলেন—দাউদকান্দি উপজেলার বাহাদুরখোলা এলাকার অটোরিকশাচালক ফারুক হোসেন (৩৮) এবং চুয়াডাঙ্গা জেলার সুরুজগঞ্জ বোয়ালিয়া এলাকার বাসযাত্রী মিজানুর রহমান (৪৯)।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘ইকোনো পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় এবং পরে সড়কের পাশের গভীর খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পুলিশ ইতোমধ্যে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এই ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মানবকণ্ঠ/ডিআর