নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে একট নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাংকি থেকে মিলল অজ্ঞাতনামা এক নারীর ক্ষতবিক্ষত অর্ধগলিত মরদেহ। নিহত ওই নারীর আনুমানিক বয়স (৩০)।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন(নাসিক) এলাকার সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডের মিজমিজি দক্ষিণ সাহেবপাড়া এলাকার শাহনাজ বেগমের নির্মাণাধীন পরিত্যক্ত বাড়ির সেফটিক ট্যাংকি থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক। ওই নারী একটি কালো রঙের বোরকা পরিহিত ছিল।
স্থানীয়রা জানান, নির্মাণাধীন বাড়ির আশেপাশে প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী ধারণা করে সেফটিক ট্যাংকের মধ্যে কোনো মানুষ মরে পড়ে আছে। এরপর লাশের দুর্গন্ধে বাড়ির ভেতরে গিয়ে সেফটিক ট্যাংকের মধ্যে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুততম সময়ে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, সম্ভবত লাশটি ৭-৮ দিন পূর্বের হবে তাই পচে ক্ষতবিক্ষত হয়ে গেছে। ফিঙ্গার প্রিন্ট ম্যাচিংয়ের জন্য সিআইডি ও পিবিআই-এর টিম কাজ করছেন কিন্তু লাশটি ক্ষতবিক্ষত হয়ে যাওয়ায় ফিঙ্গারপ্রিন্টও ম্যাচিং হচ্ছে না, ফলে পরিচয় সনাক্ত করতে বেগ পেতে হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।




Comments