ত্রয়োদশ জাতীয় নির্বাচন শেষ হওয়ার পর এখন নতুন সরকারের আনুষ্ঠানিক শপথের অপেক্ষায় রয়েছে দেশ। আজ মঙ্গলবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এমপিদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। বিকেলেই অভিষেক ঘটতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের। তার আগেই আজ মঙ্গলবার নতুন মন্ত্রীদের মন্ত্রীপরিষদ বিভাগ থেকে অবহিত করা হবে।
বিএনপির নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রীসভায় কারা থাকছেন এসব নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ-আলোচনা। বিভ্ন্নি নির্ভরযোগ্য সূত্র বলছে, মন্ত্রীসভার আকার আপাতত ছোটই থাকছে। জানা যাচ্ছে ৩০ সদস্যের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে এই মন্ত্রিসভা। যেখানে ১২ জন পূর্ণমন্ত্রী ১৮ জনের মতো প্রতিমন্ত্রী থাকতে পারে।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নবীন এবং দক্ষ ও অভিজ্ঞ অনেককে যুক্ত করছেন মন্ত্রিসভায়। সঙ্গে দলের সিনিয়র কয়েকজন সদস্যও থাকবেন। বর্তমান সরকারে আছেন এমন দুজনও যুক্ত হতে পারেন। টেকনোক্র্যাট কোটায়ও যুক্ত হতে পারেন একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী। এছাড়া বিএনপির নেতৃত্বাধীন জোটের একাধিক নেতাও থাকতে পারেন মন্ত্রিসভায়।
নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন এ নিয়ে দলীয় নেতাকর্মী, রাজনৈতিক মহল এবং দেশ জুড়ে আছে কৌতূহল। বিএনপি চেয়ারম্যান ছাড়া এ বিষয়ে আর কারও কাছে তথ্য নেই বলে দলের নেতারা জানিয়েছেন।




Comments