সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত ৯ম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নিজের অবস্থানের কথা জানিয়েছেন নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, পে-স্কেলের সুপারিশগুলো গুরুত্বের সাথে পর্যালোচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে।
অর্থমন্ত্রী বলেন, ‘পে-স্কেলের সুপারিশগুলো আমাদের গভীরভাবে দেখতে হবে। না দেখে এ বিষয়ে কোনো মন্তব্য করা সম্ভব নয়। মোট কত টাকা প্রয়োজন হবে এবং বর্তমান পরিস্থিতিতে এটি কতটুকু বাস্তবায়ন করা সম্ভব, তা খতিয়ে দেখা হবে।’
তিনি আরও যোগ করেন, ‘বর্তমানে দেশের আর্থিক অবস্থা, বিশেষ করে ট্যাক্স-জিডিপি রেশিও দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এসব দিক বিবেচনা করে আমরা পরীক্ষা-নিরীক্ষা করব যে কখন এবং কীভাবে এটি বাস্তবায়ন করা যায়।’
উল্লেখ্য, নবম জাতীয় বেতন কমিশন গত ২১ জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। সুপারিশে চলতি বছরের ১ জানুয়ারি থেকে আংশিক এবং ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন থেকে পূর্ণাঙ্গ বেতন কাঠামো কার্যকর করার কথা বলা হয়েছে।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে জাতীয় পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করা হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী নতুন সরকার এখন এই বিশাল কর্মযজ্ঞের আর্থিক ও প্রশাসনিক দিকগুলো যাচাই করছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments